ইউরোপের অধিকাংশ দেশে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে শীতকালীন সময় চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে শেষ হচ্ছে চলতি বছরের গ্রীষ্মকালীন সময় বা ডেলাইট সেভিং টাইম (DST)। নতুন এই নিয়মের আওতায় স্থানীয় সময় অনুযায়ী ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছনে নেওয়া হবে, যার ফলে ইউরোপের দেশগুলোতে সার্বিক সময়ের হিসাবে এক ঘণ্টার পরিবর্তন আসবে।

ইউরোনিউজের এক তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্রসহ যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও পর্তুগালে একযোগে এই পরিবর্তন বাস্তবায়িত হবে।

সাধারণত প্রতি বছর মার্চের শেষ রোববারে গ্রীষ্মকালীন সময় বা ডেলাইট সেভিং টাইমের সূচনা হয়। পরবর্তীতে অক্টোবরের শেষ রোববারে পুনরায় স্ট্যান্ডার্ড সময় বা শীতকালীন সময়ে ফিরে যেতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

এই সূচি অনুযায়ী পর্তুগালের মূল ভূখণ্ডসহ প্রধান শহরগুলোতে রোববার রাত ২টা বাজার সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটা এক ঘণ্টা কমিয়ে রাত ১টা করা হবে। পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জেও এই একই নিয়ম প্রযোজ্য থাকবে। অন্যদিকে, আজোরেস দ্বীপপুঞ্জে রাত ১টার সময় ঘড়ি পিছিয়ে রাত ১২টা করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য রাষ্ট্র—যেমন নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও গ্রিসেও একই দিন থেকে নতুন এই শীতকালীন সময় কার্যকর হতে যাচ্ছে।